দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-04-2026

দেশের মানুষের মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক লক্ষ্যের একটি ভবিষ্যৎ রূপরেখাও তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, সরকারের মূল লক্ষ্য হলো আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করা। এই বিশাল মাইলফলক অর্জনে সরকার বিনিয়োগ বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক গণতন্ত্রায়নের ওপর জোর দিচ্ছে। এছাড়া প্রথাগত খাতের বাইরে 'ক্রিয়েটিভ অর্থনীতি' ও 'স্পোর্টস অর্থনীতি'র মতো নতুন নতুন ক্ষেত্রগুলোকে গুরুত্ব দিয়ে বিশেষ কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে।

মাথাপিছু আয় আরও বাড়ানোর কৌশল সম্পর্কে অর্থমন্ত্রী সংসদে বলেন, সরকার কেবল একটি নির্দিষ্ট খাতের ওপর নির্ভর না করে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে— উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ বাড়ানো, দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। এই সমন্বিত উদ্যোগের মাধ্যমেই জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com