সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: সংসদে অর্থমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 06-04-2026

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: সংসদে অর্থমন্ত্রী

বর্তমান সংসদ সদস্য এবং তাঁদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ঋণের পাহাড় জমেছে। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী জানান, বর্তমানে এমপিদের স্বার্থ-সংশ্লিষ্ট ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই পরিসংখ্যান পেশ করেন। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই বিপুল অংকের ঋণের মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকাই বর্তমানে খেলাপি। অর্থাৎ, সংসদ সদস্যদের নেওয়া মোট ঋণের প্রায় ৩০ শতাংশই নির্ধারিত সময়ে পরিশোধ করা হয়নি।

তবে অর্থমন্ত্রী একটি বিশেষ আইনি দিকও ব্যাখ্যা করেন। তিনি জানান, খেলাপি ঋণের তালিকায় যে পরিমাণ অর্থ দেখানো হয়েছে, তার একটি অংশ আদালতের স্থগিতাদেশ বা বিভিন্ন আইনি নির্দেশনার কারণে ব্যাংকের খাতায় বর্তমানে ‘নিয়মিত’ হিসেবে গণ্য হতে পারে। অর্থাৎ, বাস্তবে খেলাপি হলেও আইনি মারপ্যাঁচে অনেক ঋণ আপাতত খেলাপি তালিকার বাইরে রয়ে গেছে।

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর এই তথ্য প্রকাশ বর্তমান সরকারের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোর যে অঙ্গীকার নিয়ে বর্তমান সংসদ কাজ করছে, সেখানে খোদ জনপ্রতিনিধিদের ঋণের এই বিশাল অংক এবং খেলাপির হার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com