৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-04-2026

৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে সংসদকে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান। আজ রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের এক জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে সারাদেশে ইতোমধ্যে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান এবং অসাধু উপায়ে যারা তালিকায় ঢুকেছে, তাদের চিহ্নিত করা একটি চলমান প্রক্রিয়া। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি নিয়মিত শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা পেলে দ্রুত গেজেট ও সনদ বাতিলের ব্যবস্থা নিচ্ছে।

সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী আরও জানান, দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ দ্রুত হস্তান্তর এবং বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রবাসে থাকা প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি প্রদানের প্রক্রিয়াও সহজ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com