হাম প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ সরকারের: স্বাস্থ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-04-2026

হাম প্রতিরোধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

দেশের কোনো শিশু যেন হামের টিকার অভাব বা চিকিৎসার অভাবে মারা না যায়, সে লক্ষ্যে সরকার 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় দেশের সব সরকারি হাসপাতালে জরুরি ভিত্তিতে আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে এই পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। গত সরকারের আমলে ২০২০ সাল থেকে টিকাদান কর্মসূচি এবং কোভিড-পরবর্তী সময়ে নিয়মিত টিকাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় বর্তমানে এই সংক্রমণ বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা দিয়ে ৮২ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি মিস রানা ফ্লাওয়ার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামসেদ মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক তার বক্তব্যে জানান, যেসব এলাকায় সংক্রমণের হার বেশি, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে এই বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

বর্তমানে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারের এই সমন্বিত উদ্যোগের ফলে দেশে হামের প্রাদুর্ভাব দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com