আগামীতে দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত: অর্থমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-04-2026

আগামীতে দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত: অর্থমন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অভিহিত করে দেশের অর্থনীতি ও জনজীবনে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সংকটের প্রভাব কেবল জ্বালানিতে সীমাবদ্ধ নেই; বরং খাদ্যদ্রব্যসহ পুরো সরবরাহ ব্যবস্থার ওপর পড়ছে, যার ফলে আগামীতে দ্রব্যমূল্য বাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

অর্থমন্ত্রী উল্লেখ করেন যে, জ্বালানি সংকট এখন একটি বৈশ্বিক সমস্যা। উদাহরণ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে সরকার এখন পর্যন্ত তেলের দাম না বাড়িয়ে স্থিতিশীল রাখার চেষ্টা করছে, তবে এই ভর্তুকির চাপ কতদিন সামলানো সম্ভব হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তিনি আরও জানান, জনগণের ওপর সরাসরি চাপ কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে দামের উর্ধ্বগতি অব্যাহত থাকলে এবং সরকারি তহবিল ক্রমাগত ক্ষতিগ্রস্ত হতে থাকলে শেষ পর্যন্ত বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণের স্বার্থ রক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মধ্যে ভারসাম্য বজায় রেখে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বস্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com