ব্যাড টাচ নয়, শাকিব খান আমাদের কেবল গার্ড করছিলেন: জ্যোতির্ময়ী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 04-04-2026

ব্যাড টাচ নয়, শাকিব খান আমাদের কেবল গার্ড করছিলেন: জ্যোতির্ময়ী

‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সুপারস্টার শাকিব খানকে ঘিরে চাউর হওয়া ‘ব্যাড টাচ’ বিতর্কের কড়া জবাব দিলেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ ও ‘অতিরঞ্জিত’ দাবি করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

সম্প্রতি স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের পাশে দাঁড়িয়েছিলেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের একাংশ দাবি করেন, শাকিব খানের হাত জ্যোতির্ময়ীর কোমরে থাকায় তিনি ‘অস্বস্তি’ বোধ করছিলেন এবং এটি ‘ব্যাড টাচ’ ছিল।

এই বিতর্ক প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, “পুরো ঘটনাটি বাস্তবতার বাইরে গিয়ে উপস্থাপন করা হচ্ছে। ওইদিন সেখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়াতেই পারছিলাম না। মিডিয়া থেকে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করা হচ্ছিল, আর সেই ভিড়ের মধ্যে শাকিব খান আমাদের কেবল গার্ড (আড়াল) করছিলেন।”

নায়কের আচরণে কোনো অস্বস্তি বোধ করেছিলেন কি না— এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী স্পষ্ট ভাষায় বলেন, “অস্বস্তির কোনো প্রশ্নই আসে না। একজন কো-আর্টিস্ট হিসেবে এমন ভিড়ের মধ্যে একে অপরকে সাপোর্ট করাটাই স্বাভাবিক। ঘটনাটিকে যেভাবে ছড়ানো হচ্ছে, তা খুবই হতাশাজনক। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কিছু করত, তবে এত ক্যামেরার সামনে করত না।”

অনলাইনে চাউর হওয়া ‘ব্যাড টাচ’ অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি পাল্টা প্রশ্ন করেন, “আমি কি বাচ্চা? যদি আমাকে ব্যাড টাচ করা হতো, তবে কি আমি সাথে সাথে প্রতিবাদ করতাম না? আমি অবশ্যই প্রতিবাদ করার ক্ষমতা রাখি।”

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাকে অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে জ্যোতির্ময়ী জানান, ‘প্রিন্স’ সিনেমার শুটিং সেট থেকে শুরু করে প্রচার পর্যন্ত শাকিব খান তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সামাজিক মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা এই বিতর্ককে আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর এই সরাসরি বক্তব্যের পর শাকিব ভক্তদের মাঝে স্বস্তি ফিরলেও নেটিজেনদের মাঝে আলোচনা এখনো থামেনি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com