নায়িকাদের শরীরে শাকিবের হাত রাখা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-04-2026

নায়িকাদের শরীরে শাকিবের হাত রাখা নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়

ঢালিউড সুপারস্টার শাকিব খানের এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’ নিয়ে আলোচনার চেয়ে এখন বিতর্কের পাল্লাই বেশি ভারী। প্রেক্ষাগৃহে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া এবং প্রত্যাশিত ব্যবসা করতে না পারার আক্ষেপের মধ্যেই এক নতুন বিতর্কে জড়িয়েছেন এই অভিনেতা। সিনেমার দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে শাকিবের ‘অস্বস্তিকর’ আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমার দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুসহ পুরো টিম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটিতে দেখা যায়, প্রদর্শনী চলাকালীন শাকিব খান তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নায়িকার সঙ্গে এমন কিছু আচরণ করছেন যা তাদের জন্য বেশ অস্বস্তিকর ছিল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাকিব খান বারবার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত দিচ্ছেন, যা তাকে দৃশ্যত অস্বস্তিতে ফেলেছে। একই অনুষ্ঠানে অপর নায়িকা তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরতেও দেখা যায় শাকিবকে। এক পর্যায়ে তাসনিয়াকে শাকিবের হাত নিজের কাঁধ থেকে সরিয়ে দিতেও দেখা গেছে। এই পুরো সময়জুড়ে দুই নায়িকার চোখেমুখে ফুটে ওঠা অস্বস্তির ছাপ নেটিজেনদের নজর এড়ায়নি।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের ব্যক্তিগত শিষ্টাচার ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমের পক্ষ থেকে জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রহস্যজনকভাবে এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি এই প্রসঙ্গে কিছু বলতে চাই না।’ তার এই সংক্ষিপ্ত মন্তব্য জনমনে আরও ধোঁয়াশার সৃষ্টি করেছে।

সিনেমা সংশ্লিষ্টদের মতে, ‘প্রিন্স’ ছবির ব্যবসায়িক ব্যর্থতা এবং দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ার দায় শাকিব খান ও নির্মাতা পক্ষ ইতোমধ্যে স্বীকার করে নিয়েছেন। কিন্তু পর্দার বাইরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন সিনেমার আলোচনাকেও ছাপিয়ে গেছে। সুপারস্টারের এমন আচরণে ভক্ত ও সাধারণ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যা ছবির ভাবমূর্তিকে আরও সংকটে ফেলেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com