নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ সরকারের: বিদ্যুৎমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-04-2026

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ সরকারের: বিদ্যুৎমন্ত্রী

সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিতরণ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিনের এক প্রশ্নের লিখিত জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই তথ্য জানান।

মন্ত্রী জানান, বর্তমানে দেশের ৬টি বিতরণ সংস্থার অধীনে মোট ১ হাজার ৮৩৪টি বিদ্যুৎ উপকেন্দ্র সচল রয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৩১ সালের মধ্যে এই সক্ষমতা আরও ৬ হাজার ২৫৫ এমভিএ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সক্ষমতা বৃদ্ধিতে বর্তমানে ১৩৯টি নতুন উপকেন্দ্র নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশেষ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) অধীনে ১২৮টি নতুন উপকেন্দ্র নির্মাণ ও ৭৬টির আপগ্রেডেশনের মাধ্যমে ২ হাজার ৫৪৩ এমভিএ ক্ষমতা বাড়ানো হচ্ছে। এছাড়া আরও ২২৬টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে আরও ৩ হাজার ৭১২ এমভিএ সক্ষমতা যুক্ত করার প্রক্রিয়া চলছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ময়মনসিংহ, কুমিল্লা, পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলেও বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্প চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ বিভ্রাট অনেকাংশে কমে আসবে এবং শিল্প-কারখানাসহ আবাসিক খাতে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com