যশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-04-2026

যশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই

যশোরের কেশবপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) গভীর রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর পুলিশি তৎপরতায় বৃহস্পতিবার দুপুরে পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে গেলে মসজিদের মাইকে ‘পুলিশ আসামিকে মেরে ফেলেছে’ বলে মিথ্যা ঘোষণা দিয়ে গুজব ছড়ানো হয়। মুহূর্তেই ৫০-৬০ জন লোক লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এই হামলায় এসআই আসমত আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ছিনিয়ে নেওয়ার পর পালিয়ে থাকা জাহাঙ্গীরকে আজ (২ এপ্রিল) যশোর ও খুলনার সীমান্ত এলাকা থেকে ফের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com