রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত সারাদেশে


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-04-2026

রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত সারাদেশে

চলমান আন্তর্জাতিক জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতে এক বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের ব্যবসায়ী সংগঠনগুলো। এখন থেকে সারাদেশের সব দোকানপাট, বাণিজ্যিক বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, নির্দিষ্ট সময়ের পর কোনো শপিংমল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। তবে জনসাধারণের ভোগান্তি লাঘবে এবং জরুরি পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু ক্ষেত্রকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল-রেস্তোরাঁ, ফার্মেসি (ওষুধের দোকান), কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান।

ব্যবসায়ী নেতাদের মতে, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জ্বালানি ও বিদ্যুৎ অপচয় রোধ করা এখন সময়ের দাবি। এই উদ্যোগ কার্যকর হলে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাপ কমবে এবং বর্তমান সংকট মোকাবিলায় ব্যবসায়ীরা সম্মুখসারির ভূমিকা পালন করতে পারবেন। জনস্বার্থ ও ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখতেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com