রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইলো বাংলাদেশ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-04-2026

রাশিয়ার জ্বালানি কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইলো বাংলাদেশ

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাশিয়ার কাছ থেকে পরিশোধিত ডিজেলসহ অন্যান্য জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস ও রাশিয়ার তেল তৃতীয় দেশে পরিশোধনের পর আমদানির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বৈঠকে উল্লেখ করেন যে, এর আগে রাশিয়ার জ্বালানি কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সীমিত বৈশ্বিক ছাড় দিলেও কারিগরি কারণে বাংলাদেশ সেই সুযোগ নিতে পারেনি। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ যে চ্যালেঞ্জের মুখোমুখি, তা কাটিয়ে উঠতে তিনি সরাসরি মার্কিন সহায়তার ওপর জোর দেন। জবাবে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিজের অবগত থাকার কথা জানান এবং এই কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে আশ্বাস দেন। তিনি জানান যে, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও বৈঠকে দুই পক্ষ মতবিনিময় করে। বিশেষ করে বাংলাদেশ যাতে ভবিষ্যতে নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ বজায় রাখতে পারে এবং যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বাড়ানো যায়, সে বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই কূটনৈতিক তৎপরতাকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com