দুই যুগ পর বিশ্বকাপে তুরস্ক


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-04-2026

দুই যুগ পর বিশ্বকাপে তুরস্ক

দীর্ঘ দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তুরস্ক। মঙ্গলবার প্লে-অফ ফাইনালে কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ফেরার টিকিট নিশ্চিত করেছে তারা। প্রিস্টিনায় অনুষ্ঠিত এই ভাগ্যনির্ধারণী ম্যাচে তুরস্কের হয়ে ৫৩ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন কেরেম আকতুরকোগলু। কোচ ভিনচেঞ্জো মনতেলার অধীনে র‍্যাঙ্কিংয়ের ২৫ নম্বর দলটি দীর্ঘ ২০ বছরের ব্যর্থতা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আসন্ন বিশ্বকাপে তুরস্ক 'ডি' গ্রুপে লড়বে, যেখানে তাদের সঙ্গী হচ্ছে অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।

তুরস্কের পাশাপাশি এদিন ইতিহাস গড়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাকও। বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে তারা। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে দেখা যাবে তাদের। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ইরাকের জয়ের নায়ক ছিলেন আয়মান হোসেন। ৪৮তম ও সর্বশেষ দল হিসেবে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া ইরাক বিশ্বকাপে ‘আই’ গ্রুপে শক্তিশালী ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের মুখোমুখি হবে। ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বযজ্ঞে তুরস্ক ও ইরাকের এই প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে নতুন রোমাঞ্চের জন্ম দিয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com