আইপিএলের ইতিহাসে অনন্য এক উচ্চতায় পৌঁছালেন রাজস্থান রয়্যালসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার ১৭০ উইকেটের রেকর্ড ভেঙে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় নবম স্থানে উঠে এসেছেন তিনি। আইপিএল ২০২৬ মৌসুমের উদ্বোধনী ম্যাচে নিজের সাবেক দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই কীর্তি গড়েন জাদেজা।
ট্রেডের মাধ্যমে এই মৌসুমে আবারও নিজের পুরোনো ক্লাব রাজস্থান রয়্যালসে ফিরেছেন জাদেজা। ফেরার ম্যাচেই বল হাতে জাদু দেখান তিনি। শিবম দুবে ও সরফরাজ খানের গুরুত্বপূর্ণ দুটি উইকেট শিকার করে তার মোট উইকেট সংখ্যা নিয়ে গেছেন ১৭২-এ। জাদেজার এই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে চেন্নাইকে মাত্র ১২৭ রানেই আটকে দেয় রাজস্থান। পরে ৮ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
২০০৮ সালে রাজস্থানের হয়েই ক্যারিয়ার শুরু করা জাদেজা মাঝে দীর্ঘ সময় মহেন্দ্র সিং ধোনির অধীনে চেন্নাইয়ের হয়ে একাধিক শিরোপা জিতেছেন। ২০২৬ আসরে আবারও রাজস্থানের জার্সিতে ফিরেই রেকর্ডের খাতায় নাম লিখিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই বর্ষীয়ান অলরাউন্ডার। বর্তমানে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নবম স্থানে অবস্থান করছেন তিনি।