আমাদের অনেকেরই দিন শুরু হয় এক কাপ গরম চা দিয়ে। ক্লান্তি দূর করতে বা আড্ডায় চায়ের বিকল্প নেই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, টানা ৩০ দিন বা এক মাস যদি চা পান পুরোপুরি বন্ধ করে দেন, তবে আপনার শরীরে কী কী পরিবর্তন আসবে? স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হঠাৎ চা ছেড়ে দিলে শরীরে ইতিবাচক ও নেতিবাচক—উভয় ধরনের প্রভাবই পড়তে পারে।
শরীরে যেসব ইতিবাচক পরিবর্তন আসবে: প্রথমত, চা পানে শরীরে যে পানিশূন্যতা বা ডিহাইড্রেশনের সৃষ্টি হয়, তা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চায়ের ক্যাফেইন শরীরকে দ্রুত শুষ্ক করে ফেলে, বিশেষ করে সকালে খালি পেটে চা খেলে এই সমস্যা প্রকট হয়। এক মাস চা না খেলে শরীরের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে, যার ফলে ত্বক আরও সতেজ ও উজ্জ্বল দেখায়। দ্বিতীয়ত, ঘুমের মানের উল্লেখযোগ্য উন্নতি ঘটে। ক্যাফেইন বাদ দিলে মস্তিষ্ক শান্ত থাকে, যা রাতে গভীর ও নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করে। এছাড়া অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাসের দীর্ঘদিনের সমস্যাও কমে আসতে শুরু করে।
সাময়িক কিছু অস্বস্তি ও চ্যালেঞ্জ: তবে হুট করে চা ছেড়ে দিলে শরীর প্রাথমিক কিছু উপসর্গের মধ্য দিয়ে যায়। প্রথম কয়েকদিন তীব্র মাথাব্যথা, ঝিমুনি ভাব এবং কাজে মনোযোগের অভাব বা 'ব্রেন ফগ' দেখা দিতে পারে। শরীরে সাময়িক ক্লান্তি বা অবসাদ অনুভূত হওয়াও স্বাভাবিক। চিকিৎসকরা বলছেন, এই সমস্যাগুলো স্থায়ী নয়; কয়েকদিন পরই শরীর ক্যাফেইন ছাড়াই পরিস্থিতির সাথে মানিয়ে নেয়।
বিশেষজ্ঞের পরামর্শ: স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, চায়ের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে ও কোষের সুরক্ষায় কাজ করে। তাই চা পুরোপুরি বিষ নয়। তবে কেউ যদি এই অভ্যাস ত্যাগ করতে চান, তবে হুট করে বন্ধ না করে ধীরে ধীরে চায়ের পরিমাণ কমিয়ে আনা উচিত। এতে মাথাব্যথা বা ক্লান্তির মতো সমস্যাগুলো কম হবে। বিকল্প হিসেবে সাধারণ চায়ের বদলে আদা চা বা তুলসী চায়ের মতো ভেষজ পানীয় গ্রহণ করা যেতে পারে, যা মানসিক চাপ কমাতেও সহায়ক।