তালাক না দিয়ে পুনরায় বিয়ে করার অভিযোগ অস্বীকার করে আদালতে সাফাই সাক্ষ্য দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। সোমবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন জানান তিনি।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির ও তামিমা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের দাবি, তাকে তালাক না দিয়েই তামিমা পুনরায় বিয়ে করেছেন। এই অভিযোগে দায়ের করা মামলায় ২০২২ সালের ফেব্রুয়ারিতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। পিবিআই-এর তদন্ত প্রতিবেদনেও তাদের বিয়ের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় দোষী সাব্যস্ত হলে নাসির ও তামিমার সর্বোচ্চ ৫ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে মামলাটি সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।