বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-03-2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৩০ মার্চ) দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান কু-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের দূরদর্শী নীতি ও বাজার বহুমুখীকরণ কৌশলের ফলে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগোচ্ছে। ইতোমধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন হয়েছে এবং দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর সঙ্গে এফটিএ (FTA) সম্পাদনের আলোচনা চলছে। তিনি কোরীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের তৈরি পোশাক, জাহাজ নির্মাণ ও ইস্পাত শিল্পসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগের আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে দেশটিকে একটি ‘সম্ভাবনাময় অর্থনীতি’ হিসেবে অভিহিত করেন। তিনি চলমান বাণিজ্য আলোচনা এগিয়ে নিতে দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য ও রফতানিমুখী শিল্পে বিনিয়োগ বাড়িয়ে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com