এবার নববর্ষের প্রতিপাদ্য: ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি | কুবলাই , আপডেট করা হয়েছে : 30-03-2026

এবার নববর্ষের প্রতিপাদ্য: ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’

পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় এবার ভিন্নধর্মী ও তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এবারের মূল সুর রাখা হয়েছে— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে এবারের উৎসবকে আরও বেশি সার্বজনীন ও সুশৃঙ্খল করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের গৃহীত মূল সিদ্ধান্তসমূহ:

সভায় নববর্ষ উদযাপনে কয়েকটি সুনির্দিষ্ট কর্মসূচি ও দিকনির্দেশনা চূড়ান্ত করা হয়েছে:

মঙ্গল শোভাযাত্রা ও নিরাপত্তা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যথারীতি অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই আয়োজনের নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে।

রমনা বটমূলের অনুষ্ঠান: ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে ভোরের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে ফিড নিয়ে দেশের সকল সরকারি-বেসরকারি টিভি চ্যানেল ও বেতারে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

দেশব্যাপী উদযাপন: শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে রাজধানীসহ দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে নববর্ষের কর্মসূচি পালিত হবে। জেলা ও উপজেলা প্রশাসন এসব আয়োজন সমন্বয় করবে।

জাসাস-এর সম্পৃক্ততা: মাঠ পর্যায়ের এসব আয়োজনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-কে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগ: বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিজস্ব আঙ্গিকে বিশেষ কর্মসূচি পালন করবে।

সভায় অংশগ্রহণকারীগণ

সংস্কৃতি সচিব মফিদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, চারুকলার ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলামসহ ৬০ জন প্রতিনিধি।

সভায় বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও ঐক্যের প্রতীক হিসেবে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উদযাপনের আহ্বান জানানো হয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com