শনিবার রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি নীলফামারীর দিকে যাচ্ছিল। পথে নীলফামারীর রেলগেট এলাকায় গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারী মেরামতের কাজ শুরু করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়া গাড়িটি দেখে সন্দেহবশত তল্লাশি চালান। তল্লাশিকালে গাড়ি থেকে ১৩ লিটার পেট্রোল ভর্তি একটি জেরিকেন উদ্ধার করা হয়।
এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত চালক ও সহকারীসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড এবং প্রত্যেকের ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
শ্রমিক ইউনিয়ন নেতাদের দাবি, তেলের লরি মেরামতের সময় অহেতুক সন্দেহ করে শ্রমিকদের ওপর অন্যায়ভাবে এই সাজা চাপিয়ে দেওয়া হয়েছে। তারা একে ‘হয়রানি’ হিসেবে অভিহিত করে অবিলম্বে এই সাজা ও অর্থদণ্ড প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পরিবহন মালিক ও সাধারণ যাত্রীরা। অনেক পেট্রল পাম্পে তেলের মজুদ ফুরিয়ে আসায় যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে গোটা উত্তরাঞ্চলের যোগাযোগ ও কৃষি ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।