অবহেলিত গ্রামাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-03-2026

অবহেলিত গ্রামাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে: মির্জা ফখরুল

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে সারা দেশের বিশেষ করে অবহেলিত গ্রামাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে ভয়াবহ দুর্নীতি হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের সময়েও অনেক ক্ষেত্রে এলাকাভিত্তিক উন্নয়ন বরাদ্দে পক্ষপাতিত্ব দেখা গেছে। উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার সকল আঞ্চলিক বৈষম্য দূর করতে বদ্ধপরিকর।

কৃষিপণ্য বাজারজাতকরণ ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামীণ সড়কগুলো মেরুদণ্ড হিসেবে কাজ করে। তাই তৃণমূলের মানুষের জীবনমান উন্নয়নে উত্তরবঙ্গসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তা পাকাকরণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। স্বচ্ছতা নিশ্চিত করে এসব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com