তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা করা চালক গ্রেফতার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-03-2026

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা করা চালক গ্রেফতার

নড়াইলের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (২৮) ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগে চালক সুজাত আলীকে যশোরের বাঘারপাড়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ রবিবার (২৯ মার্চ) এক বার্তায় র‍্যাব এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে গত শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায়। পাম্পের কর্মচারীরা জানান, তেল নেওয়াকে কেন্দ্র করে চালক সুজাতের সাথে ম্যানেজার নাহিদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সুজাত প্রকাশ্যে নাহিদকে হত্যার হুমকি দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটে নাহিদ তার বন্ধু জিহাদুলকে নিয়ে মোটরসাইকেলে পাম্প থেকে বের হলে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে তাদের ধাওয়া করে চাপা দেয়।

এ ঘটনায় নাহিদ ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তার বন্ধু জিহাদুল মোল্যা গুরুতর আহত হন। জিহাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নাহিদ তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com