পাম্পে ট্যাগ অফিসারদের দায়িত্ব সম্পর্কে জানাল সরকার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 29-03-2026

পাম্পে ট্যাগ অফিসারদের দায়িত্ব সম্পর্কে জানাল সরকার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্রাহক ভোগান্তি নিরসনে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুত ও বিক্রি তদারকির জন্য নিয়োজিত ‘ট্যাগ অফিসারদের’ সুনির্দিষ্ট ১৩টি দায়িত্ব নির্ধারণ করে আজ রোববার (২৯ মার্চ) একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে। মূলত জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং সঠিক মূল্যে তেল সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ।

নির্দেশনা অনুযায়ী, ট্যাগ অফিসারদের প্রতিদিন প্রতিটি ফিলিং স্টেশনের প্রারম্ভিক ও সমাপনী মজুত রেকর্ড করতে হবে। ডিপো থেকে তেল আসার পর সশরীরে উপস্থিত থেকে পে-অর্ডার ও চালানের সাথে পরিমাপ মিলিয়ে নিতে হবে এবং নিয়মিত রেজিস্টার খাতা পর্যবেক্ষণ করতে হবে। এছাড়া ডিসপেন্সিং মেশিনের রিডিং চেক করে বিক্রির হিসাব মেলানো এবং মিটারে তেলের পরিমাপ সঠিক থাকছে কি না, তা যাচাই করাও তাদের অন্যতম প্রধান কাজ। পাম্পের অনুমোদিত ক্ষমতার বাইরে কোনো অননুমোদিত ট্যাংক বা স্থাপনা আছে কি না, তাও খতিয়ে দেখবেন এই কর্মকর্তারা।

সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ করতে প্রতিটি পাম্পে দিনে অন্তত তিনবার (সকাল, দুপুর ও সন্ধ্যা) স্টকের তথ্য আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম অনুযায়ী, ডিপো থেকে তেল নেওয়ার এক ঘণ্টার মধ্যে খুচরা বিক্রি শুরু করতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার লাইসেন্স সাময়িক স্থগিতের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সঠিক ক্যাশ মেমো প্রদান, কন্টেইনারে অবৈধ বিক্রি বন্ধ এবং পাম্পের দীর্ঘ সারি ব্যবস্থাপনার মতো বিষয়গুলো জিও-ট্যাগ প্রমাণসহ নিয়মিত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com