যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর অংশ হিসেবে পারস্য উপসাগরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, দুবাই উপকূল ও আল-শুয়ুখ বন্দরে মোতায়েন করা মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ওপর এই হাইব্রিড অপারেশন চালানো হয়। অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কদর-৩৮০ ক্রুজ মিসাইলসহ বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমেরিকার ছয়টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে (ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি) সফলভাবে আঘাত হানা হয়েছে। আইআরজিসি জানায়, তাদের এই নিখুঁত হামলায় তিনটি যুদ্ধজাহাজ সাগরে ডুবে গেছে এবং বাকি তিনটিতে ভয়াবহ আগুন জ্বলছে, যার ফলে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুদ্ধজাহাজের পাশাপাশি দুবাই উপকূলে অবস্থিত মার্কিন ড্রোন ইউনিটের কর্মীদের আবাসন ও একটি হোটেলে কামিকাজে বা আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিসহ শীর্ষ নেতাদের হত্যার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে তেহরান। ইরানের দাবি, তাদের সামরিক ও বেসামরিক স্থাপনায় মার্কিন-ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় তারা পশ্চিম এশিয়ায় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে।