দীর্ঘ ২৫ বছর পর ফুটবল মাঠে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভিয়েতনাম। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভিয়েতনামের হ্যানয়ে হাং জু স্টেডিয়ামে শুরু হচ্ছে এই হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচ। ফিফা র্যাংকিংয়ে ভিয়েতনাম (১০৫) থেকে ৭৮ ধাপ পিছিয়ে থাকলেও, লাল-সবুজের প্রতিনিধিদের মূল আকর্ষণ এখন প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরী।
গত পরশু ভিয়েতনাম পৌঁছানো হামজার খেলা নিয়ে কোচ হ্যাভিয়ের কাবরেরা শুরুতে শঙ্কা প্রকাশ করলেও, শেষ পর্যন্ত তাকে মূল একাদশেই রাখা হয়েছে। গোলরক্ষক পজিশনে আজ বড় পরিবর্তন এনেছেন কোচ; বসুন্ধরা কিংসের মেহেদী হাসান শ্রাবণের ওপর আস্থা রেখেছেন তিনি। রক্ষণভাগে থাকছেন তপু বর্মণ, তারিক কাজী ও সাদ উদ্দিন।
দলের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ সোহেল রানা। আক্রমণভাগে ফাহমিদুল ইসলামের প্রত্যাবর্তনের পাশাপাশি থাকছেন সামিত সোম ও জায়ান আহমেদ। র্যাংকিংয়ের বিশাল ব্যবধান ঘুচিয়ে হামজা চৌধুরীর উপস্থিতিতে বাংলাদেশ আজ কেমন পারফর্ম করে, সেদিকেই তাকিয়ে ফুটবল প্রেমীরা।
একনজরে বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও সামিত সোম