নবীন ফ্যাশন বন্ধের ব্যাখ্যা দিতে ওসিকে তলব আদালতের


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-03-2026

নবীন ফ্যাশন বন্ধের ব্যাখ্যা দিতে ওসিকে তলব আদালতের

রাজধানীর মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রি করায় ‘নবীন ফ্যাশন’ নামের একটি দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। আজ বুধবার (২৫ মার্চ, ২০২৬) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রোণোদিত হয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যার দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আদালত আদেশে উল্লেখ করেন, গত ২০ মার্চ ঈদের আগে মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে দেয়। এ সময় পাশে থাকা পুলিশ সদস্যদের নির্লিপ্ত ভূমিকা জনমনে ভীতি সৃষ্টি করেছে, যা পেশাদারিত্ববিরোধী। আদালত আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসির উপস্থিতিতে দোকানটি খুলে দেওয়ার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া কেন ওসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, সস্তায় পাঞ্জাবি বিক্রিকে ‘রিলিফ দেওয়া’র সঙ্গে তুলনা করে প্রতিবেশী ব্যবসায়ীরা চড়াও হয়ে দোকানটি বন্ধ করে দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে পুলিশের উপস্থিতিও দেখা যায়, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com