ফেসবুক পোস্টে বলা হয়, হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল সাহেবের বিশেষ উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখাগুলো পুনরায় চালু হচ্ছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান নবীন বর্তমানে চীনে অবস্থান করছেন এবং সেখান থেকেই ফেসবুক লাইভের মাধ্যমে নতুন সব আকর্ষণীয় অফার ঘোষণা করবেন।
এর আগে মঙ্গলবার বিকেলে মগবাজারে এক আবেগঘন সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন এনামুল হাসান নবীন। পরে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “সিংহের মতো বাঁচতে চাই। কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ।” মূলত ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করায় স্থানীয় সিন্ডিকেটের বাধার মুখেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
উল্লেখ্য, গত ২০ মার্চ মগবাজারে নবীন ফ্যাশনের আউটলেটে তুলনামূলক কম দামে পাঞ্জাবি বিক্রি করায় স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা জোট বেঁধে দোকানটি জোরপূর্বক বন্ধ করে দেয়। কম দামে বিক্রি করাকে তারা ‘রিলিফ দেওয়া’র সঙ্গে তুলনা করে আপত্তি জানান। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।