মায়ের মৃত্যুবার্ষিকীতে পূজা তাঁর ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় লিখেছেন, “আজ তোমাকে ছাড়া দুই বছর, মামণি। সময় সত্যিই থেমে থাকে না। কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না। এই দুই বছরে অনেক কিছু বদলে গেছে, শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা।” পূজা আরও বলেন, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তিনি তাঁর মাকে নতুন করে অনুভব করেন। কিছু কষ্ট আছে যা কাউকে বলা যায় না, তাই পূজা মনে মনে মায়ের সাথেই কথা বলেন। কারণ, মায়ের মতো করে তাঁকে বোঝার মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই।
পূজা চেরীর ক্যারিয়ারের শুরু থেকে প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থাকতেন তাঁর মা। শুটিং সেট থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—মায়ের পরামর্শ ছাড়া পূজার কোনো কাজই পূর্ণতা পেত না। মায়ের মৃত্যুর পর পূজা বারবার উপলব্ধি করেছেন যে, তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি ও নিরাপদ আশ্রয়টি হারিয়ে ফেলেছেন। মা নেই, এই রূঢ় বাস্তবতা মেনে নিতে এখনো কষ্ট হয় এই অভিনেত্রীর।
পূজার এই আবেগঘন স্ট্যাটাসের নিচে তাঁর অনেক সহকর্মী ও ভক্তরা সমবেদনা জানিয়েছেন। তারা প্রার্থনা করেছেন যেন পূজা এই শোক কাটিয়ে উঠতে পারেন এবং তাঁর মায়ের আত্মা শান্তি পায়। রূপালী পর্দার চাকচিক্যের আড়ালে পূজা চেরীর এই ব্যক্তিগত শোক আজ পুরো বিনোদন অঙ্গনকে ব্যথিত করেছে।