জুলাই বিপ্লবের বীরদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা ফ্রি: শিক্ষামন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা


অনলাইন ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 24-03-2026

জুলাই বিপ্লবের বীরদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনা ফ্রি: শিক্ষামন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে কাজে যোগ দিয়ে বড় ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি জানান, জুলাই আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক বা বিনা বেতনে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৮০ দিনের বিশেষ কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার

সভায় জাতীয় নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের বিশেষ কর্মসূচি এবং ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য হলো দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করা। সেই লক্ষ্যেই আমরা শিক্ষা খাতকে আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করছি।”

শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ উপহার

শিক্ষামন্ত্রী জানান, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ২ লাখের বেশি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক শিক্ষার্থী এই সুবিধা পাবে। এছাড়া শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিজিটাল শিক্ষা ও শিক্ষক উন্নয়ন

শিক্ষা খাতে আধুনিকায়নের লক্ষে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় আগামী ১ বছরের মধ্যে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের সকল শিক্ষকের হাতে ট্যাব পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষা এবং পরিবেশ রক্ষায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। হাফেজে কুরআনদের রাষ্ট্রীয় সম্মান ও বিদেশে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট লোনের সুবিধাও নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।

শিক্ষক প্রশিক্ষণে গতি আনা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দীর্ঘদিনের শিক্ষক প্রশিক্ষণের জট দূর করতে প্রয়োজনে একাধিক শিফটে প্রশিক্ষণ পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এমনকি জাতীয়করণকৃত ৫০ বছর ঊর্ধ্ব শিক্ষকদেরও এই আধুনিক প্রশিক্ষণের আওতায় আনা হবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com