উত্তাপ ছড়াচ্ছে ইমরান-কণার 'আগুন'


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-03-2026

উত্তাপ ছড়াচ্ছে ইমরান-কণার 'আগুন'

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে শাকিব খান ও সিয়াম আহমেদসহ একঝাঁক তারকার পাঁচটি সিনেমা মুক্তি পেলেও, এবারের ঈদের বিনোদনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাটকের গান। সাধারণত ঈদের সিনেমার গানগুলো দর্শক-শ্রোতাদের মুখে মুখে থাকলেও, এবার সিনেমার গানগুলোকে ছাপিয়ে সব আলো কেড়ে নিয়েছে সিএমভির বিশেষ নাটক ‘গোলাপি’-র গান ‘আগুন’। মান ও বৈচিত্র্যের দিক থেকে সিনেমার গানগুলো প্রশংসিত হলেও ভিউ বা জনপ্রিয়তার দৌড়ে সেগুলো ভক্তদের কিছুটা হতাশই করেছে।

নাটক ‘গোলাপি’র এই ‘আগুন’ গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যার নেপথ্যে রয়েছে এর সিনেমাটিক নির্মাণ শৈলী, মনকাড়া সুর ও নজরকাড়া পারফরম্যান্স। রবিউল ইসলাম জীবনের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় জুটি ইমরান ও কণা। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। ভিডিওতে তৌসিফ মাহবুব ও তানজিন তিশার অনবদ্য উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। গানটির অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত এর কারিগররা; সংগীত পরিচালক ইমরান মাহমুদুল জানান, গল্পের প্রয়োজনে গানটি তৈরি করা হলেও দর্শকদের এমন ভালোবাসা তাদের অবাক করেছে।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু মনে করেন, ‘আগুন’ গানটির জনপ্রিয়তাই প্রমাণ করে যে দর্শকরা এখন প্ল্যাটফর্ম নয়, বরং ভালো কনটেন্ট খোঁজে। একটি নাটকের গান যে সিনেমার গানকেও জনপ্রিয়তায় ছাড়িয়ে যেতে পারে, এই গানটি তারই উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে গত কয়েক বছর ধরে ঈদের সিনেমার গানগুলো ইন্ডাস্ট্রি মাতাচ্ছিল, সেখানে এবারের চিত্রটি কিছুটা ভিন্ন। সিনেমার গানের চেয়ে একটি নাটকের গান বিনোদন জগতের আলোচনার প্রধান খোরাক হয়ে ওঠায় এবারের ঈদ বিনোদনে নতুন এক মাত্রা যোগ হয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com