জ্বালানি সংকট মোকাবিলায় আইএমএফের সঙ্গে নতুন ঋণের আলোচনা


সচিবালয় প্রতিবেদক | ঢাকা | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 24-03-2026

জ্বালানি সংকট মোকাবিলায় আইএমএফের সঙ্গে নতুন ঋণের আলোচনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে জ্বালানি আমদানিতে বাড়তি খরচের চাপ সামলাতে আইএমএফের কাছে 'অতিরিক্ত অর্থের জোগান' চেয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঋণের পরিমাণ ও শর্তাবলী নিয়ে আগামী এপ্রিলে ওয়াশিংটনে সংস্থাটির 'বসন্তকালীন বৈঠকে' (Spring Meeting) চূড়ান্ত আলোচনা হবে।

সংস্কার ও ডিরেগুলেশনে জোর

অর্থমন্ত্রী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির নাজুক দশা স্বীকার করে বলেন, “ব্যাংকিং খাত এবং শেয়ারবাজার অত্যন্ত খারাপ অবস্থায় আছে। ট্যাক্স-জিডিপি অনুপাতও সন্তোষজনক নয়। এই সংকট থেকে উত্তরণে আমাদের অনেক রিফর্ম (সংস্কার) ও ডিরেগুলেশন দরকার। আমরা আমাদের নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো একটার পর একটা বাস্তবায়ন করে যাচ্ছি।”

পূর্ববর্তী ঋণ ও বর্তমান অবস্থা

২০২৩ সালে আইএমএফের সঙ্গে ৪৭০ কোটি ডলারের যে ঋণ চুক্তি হয়েছিল, পরে তা বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। ইতিমধ্যে চার দফায় ঋণের একটি বড় অংশ ছাড় করা হয়েছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় স্থগিত ছিল। অর্থমন্ত্রী জানান, জুলাই মাসে পরবর্তী রিভিউ মিটিংয়ে শর্ত প্রতিপালন ও অর্থ ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

আইএমএফের অবস্থান

বৈঠক শেষে আইএমএফের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বলেন, “যুদ্ধ প্রতিটি দেশের জন্যই অনিশ্চয়তা তৈরি করেছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। অর্থায়ন সংক্রান্ত আলোচনাগুলো মূলত নীতিগত আলোচনার ওপর ভিত্তি করে হয়। আমরা আজ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে সেই বিষয়গুলো নিয়েই কথা বলেছি এবং সামনে আরও কাজ করব।”


ট্র্যান্ডনিউজবিডি | সোহেল


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com