সাত দিনের দীর্ঘ ছুটি শেষে কর্মমুখোর রাজধানী ঢাকা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-03-2026

সাত দিনের দীর্ঘ ছুটি শেষে কর্মমুখোর রাজধানী ঢাকা

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) নতুন উদ্যমে কাজে ফিরেছে রাজধানী ঢাকা। সকাল থেকেই সচিবালয়সহ সকল সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। দীর্ঘ ছুটির আলসেমি কাটিয়ে নতুন কর্মব্যস্ততায় মুখরিত হয়ে উঠেছে মতিঝিল, কারওয়ান বাজার ও সচিবালয় এলাকা। প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ে গিয়ে দেখা গেছে এক উৎসবমুখর পরিবেশ; সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে শুরু করে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

রাজধানীর সড়কগুলোতেও গত কয়েকদিনের শুনশান নীরবতা ভেঙে আজ গণপরিবহনের সংখ্যা বেড়েছে। রামপুরা, বাড্ডা, শাহবাগ ও ফার্মগেট এলাকায় দেখা গেছে, সকাল থেকেই অফিসগামী যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গত কয়েকদিনের যাত্রীখরা কাটিয়ে বাসগুলোতে পর্যাপ্ত যাত্রী থাকায় পরিবহন শ্রমিকদের মাঝেও এক ধরনের স্বস্তি দেখা গেছে। গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে সকাল থেকেই ঢাকায় ফেরা মানুষের ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা কমলেও বিকেলের দিকে এই চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

তবে ফেরার পথে আনন্দ আর নতুন উদ্যমের মাঝেও বরাবরের মতো বাড়তি ভাড়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছে সাধারণ যাত্রীদের। গাবতলী টার্মিনালে ফেরা যাত্রীরা অভিযোগ করেছেন যে, ঈদের আগে যেমন বাড়তি ভাড়া নেওয়া হয়েছিল, ফেরার পথেও একই চিত্র বজায় রয়েছে। অনেক যাত্রী জানিয়েছেন, অতিরিক্ত টাকা না দিলে টিকিট মিলছিল না, তাই কর্মস্থলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকায় নিরুপায় হয়েই তারা বাড়তি ভাড়া দিয়ে ঢাকায় ফিরেছেন। সব মিলিয়ে অভিযোগ আর ব্যস্ততার মধ্য দিয়েই আজ থেকে রাজধানী তার চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com