চার মৌসুম পর সিটির লিগ কাপ জয়: গার্দিওলার রেকর্ড ও আর্সেনালের স্বপ্নভঙ্গ


স্পোর্টস ডেস্ক | ট্র্যান্ডনিউজবিডি , আপডেট করা হয়েছে : 23-03-2026

চার মৌসুম পর সিটির লিগ কাপ জয়: গার্দিওলার রেকর্ড ও আর্সেনালের স্বপ্নভঙ্গ

নিকো ও’রেইলির অসাধারণ জোড়া গোলে আর্সেনালকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ কাপের (কারাবাও কাপ) শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। রবিবার রাতের এই ফাইনালে দাপুটে জয়ে নবমবারের মতো এই ট্রফি ঘরে তুলল সিটিজেনরা। এই জয়ের ফলে কোচ হিসেবে সর্বাধিক পাঁচবার লিগ কাপ জেতার নতুন রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা।

আর্সেনালের আক্রমণ ও ট্র্যাফোর্ডের বাধা

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিগ লিডার আর্সেনাল। সপ্তম মিনিটেই গানাররা তিনটি নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড চীনের প্রাচীর হয়ে দাঁড়ান। কাই হাভার্টস ও বুকায়ো সাকার একের পর এক জোরালো শট রুখে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন এই ইংলিশ গোলকিপার।

ও’রেইলির ম্যাজিক ও কেপার ভুল

ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকলেও ফিরতি আক্রমণে প্রাণ ফিরে পায় সিটি। হায়ান শেহকির শট আর্সেনাল গোলরক্ষক কেপা আরিসাবালাগা তালুবন্দি করতে ব্যর্থ হলে আলগা বলে হেডে গোল করে সিটিকে এগিয়ে দেন তরুণ ও’রেইলি। এর মাত্র চার মিনিট পরেই মাথেউস নুনেসের ক্রস থেকে আরও একটি দর্শনীয় হেডে ব্যবধান ২-০ করেন এই ইংলিশ লেফট-ব্যাক।

কপাল মন্দ গানারদের

ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে আর্সেনাল। ৭৮ মিনিটে রিকার্দো কালাফিওরির শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এর ১০ মিনিট পর গাব্রিয়েল জেসুসের হেডও ক্রসবারে প্রতিহত হলে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় মিকেল আর্তেতার শিষ্যদের। ২০২০ সালের পর বড় কোনো শিরোপা জেতার অপেক্ষা আরও বাড়ল আর্সেনালের।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com