১ এপ্রিলের মধ্যে ফুটপাত থেকে দোকান সরাতে নির্দেশ ডিএমপির


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-03-2026

১ এপ্রিলের মধ্যে ফুটপাত থেকে দোকান সরাতে নির্দেশ ডিএমপির

ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ দোকান, শোরুম এবং রেস্টুরেন্টের বর্ধিতাংশ উচ্ছেদে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৩ মার্চ) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ এপ্রিল থেকে এই অবৈধ দখলের বিরুদ্ধে ডিএমপির বিশেষ ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ, ওয়ার্কশপ ও শোরুমগুলো ফুটপাত দখল করে মালামাল রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং যানজট সৃষ্টি হচ্ছে। এর ফলে পথচারীরা বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলায় তাদের নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। এ অবস্থায় ব্যবসায়ীদের অনতিবিলম্বে ফুটপাত থেকে সব ধরনের সরঞ্জাম ও মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি স্পষ্ট করে দিয়েছে যে, ১ এপ্রিলের মধ্যে জায়গা পরিষ্কার না করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে অপরাধসংশ্লিষ্ট মালামাল বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ। জনস্বার্থে এই অভিযান সফল করতে ডিএমপি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com