নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনায় চালক ও স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-03-2026

নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনায় চালক ও স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে চলমান ঈদযাত্রা পরিদর্শনকালে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার স্টেশনের মাস্টার এবং দুর্ঘটনাকবলিত ট্রেনের চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, এই দুর্ঘটনার প্রভাবে 'নীলসাগর এক্সপ্রেস' ও 'একতা এক্সপ্রেস'—এই দুটি ট্রেনের সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটলেও কমলাপুর থেকে বাকি সব ট্রেন নির্ধারিত সময়েই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তিনি নিশ্চিত করেন যে, সান্তাহারে উদ্ধারকাজ শেষ করে বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

পরিদর্শনকালে তিনি আরও বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারে না। তবে যাত্রীসেবা নিশ্চিত করতে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে বিভাগ সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তিনি ঘরমুখী যাত্রীদের সচেতন থাকার এবং রেলের নিয়ম মেনে নিরাপদে ভ্রমণ করার আহ্বান জানান।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com