ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফাঁকা থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 19-03-2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফাঁকা থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ভিড় থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঈদযাত্রার তৃতীয় দিনে কুমিল্লার ১০৪ কিলোমিটার সড়কে কোথাও কোনো ভোগান্তি বা যানজট চোখে পড়েনি। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত দাউদকান্দি টোল প্লাজা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত মহাসড়ক অনেকটা ফাঁকা এবং যানবাহন চলাচল করছে স্বাভাবিক গতিতে।

যাত্রী ও চালকদের ভাষ্যমতে, বিগত বছরগুলোতে এই সময়ে মহাসড়কের চান্দিনা, নিমসার, গৌরীপুর বা দাউদকান্দির মতো পয়েন্টগুলোতে তীব্র যানজট থাকলেও এবার পরিস্থিতি বেশ স্বস্তিদায়ক। যাত্রীবাহী বড় বাসের চাপ কিছুটা কম থাকলেও ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের সংখ্যা সড়কে বেশি দেখা যাচ্ছে। ঢাকা থেকে কুমিল্লা পৌঁছাতে মাত্র আড়াই ঘণ্টা সময় লাগছে বলে জানিয়েছেন অনেক যাত্রী, যা সাধারণ সময়ের চেয়েও কম। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং শৃঙ্খলার কারণে এবারের যাত্রা আনন্দদায়ক হয়ে উঠেছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে পরিবহনের চাপ এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঈদের আগে বড় ধরনের জট সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে ফাঁকা রাস্তা পেয়ে মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক দুর্ঘটনা এড়াতে হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com