পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে রাজধানী ছেড়েছেন অধিকাংশ ঘরমুখী মানুষ। ফলে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন রুটের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলোতে চিরচেনা যানজট ও ভিড়ের দৃশ্য এখন আর নেই। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং টঙ্গী-আশুলিয়া রুটের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, অন্যান্য সময়ের তুলনায় যানবাহনের চাপ অনেক কম এবং মহাসড়ক প্রায় ফাঁকা।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তরবঙ্গগামী ৫৯টি রুটের প্রধান সংযোগস্থল আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকায় সকালে কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে এসেছে। জরুরি প্রয়োজনে যারা বিলম্বে ঢাকা ছাড়ছেন, তারা ছাড়া বাকি প্রায় সবাই এরই মধ্যে গন্তব্যে পৌঁছে গেছেন। টঙ্গী স্টেশন রোড ও মাছিমপুর এলাকার দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও এখন যাত্রীদের তেমন দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না। সিলেট, ময়মনসিংহ বা নরসিংদীগামী যাত্রীরা অনেকটা স্বস্তিতেই নিজ নিজ গন্তব্যে রওনা হতে পারছেন। মূলত বড় ধরনের কোনো যানজট না থাকায় এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত বেশ আরামদায়ক ও নির্বিঘ্ন বলে মনে করছেন সাধারণ যাত্রীরা।