ঈদযাত্রায় ভোগান্তি কমানোর সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-03-2026

ঈদযাত্রায় ভোগান্তি কমানোর সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঈদযাত্রা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী আশাপ্রকাশ করেন যে, যথাযথ ব্যবস্থাপনার কারণে এবার মহাসড়কে যাত্রীদের কোনো যানজটের ভোগান্তিতে পড়তে হবে না।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে যাতে ঈদযাত্রায় মানুষ কোনোভাবেই কষ্টের শিকার না হয়। সেই লক্ষ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় আজ থেকে এই মহাসড়কে প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষের চাপ বাড়বে। এই বাড়তি চাপ সামলাতে এবং বিশেষ করে রোজাদারদের যেন সড়কে ইফতার করতে না হয়, সে জন্য মহাসড়ক সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।

মহাসড়কের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। পুলিশের ডিআইজি, এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, অতীতের অব্যবস্থাপনা থেকে শিক্ষা নিয়ে এবার পূর্বপ্রস্তুতি ও নজরদারি বাড়ানো হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও টাঙ্গাইলের পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com