ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকে গেছে লঞ্চ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-03-2026

ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকে গেছে লঞ্চ

ঢাকার সদরঘাট থেকে হাতিয়া যাওয়ার পথে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবোচরে আটকে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের দক্ষিণ-পূর্ব দিকে ‘এমবি সুগন্ধা’ নামের লঞ্চটি ‘বগার চরে’ উঠে যায়। এতে প্রাণহানি না ঘটলেও লঞ্চে থাকা নারী ও শিশুসহ প্রায় ৭০-৮০ জন যাত্রী চরম আতঙ্কে চরে আটকা পড়েন।

লঞ্চের যাত্রী ও হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য জানান, ভোরে প্রচণ্ড বেগে ঝড় শুরু হলে মাস্টার নিয়ন্ত্রণ হারান এবং লঞ্চটি পলিতে আটকে যায়। দুপুরে জোয়ার এলেও পানির উচ্চতা কম থাকায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লঞ্চটি নামানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় নির্জন চরে আটকা পড়ে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত যাত্রীদের উদ্ধার ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। তবে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্যক্রমের চূড়ান্ত কোনো খবর পাওয়া যায়নি।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com