পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলে ওপেনার সৌম্য সরকারের জায়গা না পাওয়া নিয়ে নতুন এক বিতর্ক শুরু হয়েছে। পুরো সিরিজে জয়ী একাদশ অপরিবর্তিত থাকায় ড্রেসিংরুমেই থাকতে হয়েছে এই অভিজ্ঞ ওপেনারকে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সিরিজ জয়ের দিনে সৌম্যের স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রিয়ন্তী দেবনাথ তার রহস্যময় সেই পোস্টে লেখেন, ‘পৃথিবীটা অনেক নিষ্ঠুর।’ তিনি আরও যোগ করেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’ সৌম্যর স্ত্রীর এমন মন্তব্য সরাসরি দল নির্বাচনের দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন নেটিজেনরা।
এদিকে সিরিজ পরবর্তী সংবাদ সম্মেলনে সৌম্য সরকারকে একাদশে না রাখার কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সৌম্যর ব্যাটিং ছন্দ এবং ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনায় নিয়েই টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। মিরাজের ভাষ্যমতে, সৌম্যর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই, তবে ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিয়ে নতুন কম্বিনেশন পরখ করা দলের অন্যতম লক্ষ্য ছিল। বিশেষ করে তানজিদ তামিম আগের সিরিজে না খেলায় তাকে প্রাধান্য দেওয়া হয়েছে।
অধিনায়ক মিরাজ আরও আশ্বস্ত করেন যে, সৌম্য সরকারের পরিশ্রম প্রশংসনীয় এবং ভবিষ্যতে তিনি যখন আবারও দলে সুযোগ পাবেন, তখন তাকে মাত্র এক-দুই ম্যাচ নয় বরং টানা কয়েক ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। মিরাজ মনে করেন, একজন ব্যাটারকে নিজেকে প্রমাণের জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন। আপাতত দলের ভারসাম্য বজায় রাখতেই সৌম্যকে সাইডলাইনে থাকতে হয়েছে।