মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১১ রানের শ্বাসরুদ্ধকর জয়ের রেশ মাঠ পেরিয়ে এখন ড্রেসিংরুম ও ক্রিকেট বোর্ডে গড়িয়েছে। সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের আনন্দ ছাপিয়ে এখন মূল আলোচনায় উঠে এসেছে একটি বিতর্কিত 'রিভিউ'। নির্দিষ্ট সময় পার হওয়ার পর এবং জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে বাংলাদেশ রিভিউ নিয়েছে—এমন গুরুতর অভিযোগে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক নালিশ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ম্যাচের সেই নাটকীয় মুহূর্তে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২ বলে ১২ রান। বোলার রিশাদ হোসেনের করা লেগ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিকে আম্পায়ার কুমার ধর্মসেনা 'ওয়াইড' ঘোষণা করেন। তবে রিশাদ এবং উইকেটরক্ষক লিটন দাস দাবি করেন যে বলটি ব্যাটার শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগেছে। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ আবেদন করে। ডিআরএস পরীক্ষায় দেখা যায়, বলটি আসলেই আফ্রিদির ব্যাটের নিচের অংশ ছুঁয়ে গেছে। ফলে আম্পায়ারের ওয়াইড সিদ্ধান্তটি বাতিল হয় এবং সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান, যা কার্যত অসম্ভব ছিল। শেষ বলে আফ্রিদি স্টাম্পড হলে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান মূলত দুটি বিষয়ে তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। প্রথমত, তাদের দাবি রিভিউ নেওয়ার জন্য নির্ধারিত ১৫ সেকেন্ড সময় পার হওয়ার পর বাংলাদেশ আবেদন করেছে। দ্বিতীয়ত, তাদের অভিযোগ স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার সুযোগ পাওয়ার পরই বাংলাদেশ রিভিউর সংকেত দিয়েছে, যা আইসিসির নিয়মানুযায়ী সম্পূর্ণ অবৈধ। যদিও ব্রডকাস্ট ক্যামেরায় সেই সময় টাইমার না থাকায় তাৎক্ষণিকভাবে সময়সীমা যাচাই করা সম্ভব হয়নি, তবে ম্যাচ শেষে শাহিন আফ্রিদি ও টিম ম্যানেজমেন্ট ম্যাচ রেফারির কাছে এই বিষয়ে লিখিত আপত্তি জানান।
এই সিরিজটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা ও বিতর্কে ঠাসা। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগার বিতর্কিত রানআউট নিয়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাগ্বিতণ্ডা এমনকি জরিমানা পর্যন্ত গড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই শেষ ম্যাচে ডিআরএস নিয়ে নতুন এই বিতর্ক যোগ হলো। পিসিবি ঠিক কী ধরনের প্রতিকার চাইছে তা এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও, ক্রিকইনফো জানিয়েছে যে তারা আইসিসির কাছ থেকে এই ঘটনার একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং নিয়মের সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি তুলেছে।