প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান: সংসদে শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-03-2026

প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান: সংসদে শিক্ষামন্ত্রী

দেশের প্রাথমিক ও গণশিক্ষা খাতের আমূল পরিবর্তনে বর্তমানে সরকারের ৫টি গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রবিবার সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন। মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে ২০১৮ থেকে ২০২৬ মেয়াদে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (ডিইপিডি-৪) এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পৃথক দুটি বড় প্রকল্প বর্তমানে বাস্তবায়িত হচ্ছে।

রাজধানীর শিক্ষার পরিবেশ উন্নত করতে ঢাকা মহানগর ও পূর্বাচলে নান্দনিক সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প ২০২৭ সাল পর্যন্ত চলবে। পাশাপাশি কক্সবাজার, বান্দরবান এবং ভাসানচরের মতো বিশেষ এলাকাগুলোতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৫ সাল থেকে দেশের ১৫০টি উপজেলায় নতুন করে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি শুরু করার কথা জানান মন্ত্রী।

সাক্ষরতা ও দক্ষতা উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে ৫৮টি জেলায় ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এছাড়া যারা বিদ্যালয়ের বাইরে রয়েছে, সেই শিশুদের শিক্ষার মূলধারায় ফেরাতে ৬৪ জেলার প্রতিটি থেকে একটি করে উপজেলা নিয়ে ‘বিকল্প শিক্ষা কার্যক্রম (এএলও)’ শীর্ষক নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি চলতি বছরের জানুয়ারিতে একনেক সভায় অনুমোদিত হয়েছে এবং ২০২৮ সালের ডিসেম্বর নাগাদ এর বাস্তবায়ন সম্পন্ন হবে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com