সরকার নারী শিক্ষাকে অবৈতনিক করার পদক্ষেপ নেবে: জুবাইদা রহমান


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-03-2026

সরকার নারী শিক্ষাকে অবৈতনিক করার পদক্ষেপ নেবে: জুবাইদা রহমান

নারীদের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সরকার নারী শিক্ষাকে অবৈতনিক করার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পত্নী ডাক্তার জুবাইদা রহমান। রবিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, একটি জাতির উন্নতির মূল চাবিকাঠি হলো নারীদের এগিয়ে যাওয়া। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার রক্ষায় বদ্ধপরিকর এবং এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে নারী নেতৃত্বে ভবিষ্যতের শক্তিশালী ভিত্তি তৈরি হবে।

একই অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন নারী অধিকার ও উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা থেকে শুরু করে আনসার ভিডিপিতে নারীদের অন্তর্ভুক্তি এবং সরকারি চাকরিতে কোটা প্রবর্তনের ফলেই আজ শিক্ষাক্ষেত্রে নারীদের জয়জয়কার দেখা যাচ্ছে। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, গণতন্ত্রের আড়ালে স্বৈরাচারী শাসনের কারণে মানুষ দীর্ঘ সময় অধিকারবঞ্চিত ছিল। সম্প্রতি নরসিংদীতে ঘটা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সরকার এমন এক সভ্য সমাজ বিনির্মাণ করতে চায় যেখানে আলাদাভাবে নারীর অধিকার নিয়ে কথা বলার প্রয়োজন পড়বে না এবং দেশের প্রতিটি নাগরিক নিরাপদে তাদের অধিকার ভোগ করতে পারবেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com