ঈদের ছুটিতে নিরাপত্তার স্বার্থে স্বর্ণালংকার থানায় রাখতে পারবেন : ডিএমপি কমিশনার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-03-2026

ঈদের ছুটিতে নিরাপত্তার স্বার্থে স্বর্ণালংকার থানায় রাখতে পারবেন : ডিএমপি কমিশনার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকার নিরাপত্তা ও নাগরিকদের জানমালের সুরক্ষায় একগুচ্ছ বিশেষ পদক্ষেপের কথা ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৫ মার্চ) সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এসব গুরুত্বপূর্ণ তথ্য জানান। এবারের ঈদে ঘরমুখো মানুষের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাবটি হলো—যাদের বাসায় মূল্যবান সামগ্রী রেখে যাওয়ার মতো বিশ্বস্ত কেউ নেই, তারা চাইলে স্বর্ণালংকারসহ তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিকটস্থ থানায় নিরাপদে জমা রাখতে পারবেন।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঈদকে কেন্দ্র করে রাজধানী যখন ফাঁকা হয়ে যায়, তখন অপরাধীদের অপতৎপরতা বাড়ার আশঙ্কা থাকে। এই ঝুঁকি মোকাবিলায় আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকাগুলোতে বিশেষ নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত চেকপোস্ট বসানোর পাশাপাশি ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যদের দমনে নিয়মিত 'ব্লক রেইড' ও বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর চারটি বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনগুলোতেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটের কালোবাজারি এবং যাত্রী হয়রানি বন্ধে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া খাবার গ্রহণ না করা এবং নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিজ হেফাজতে রাখার জন্য যাত্রীদের বিশেষভাবে সতর্ক করেছেন মো. সরওয়ার।

সবশেষে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঈদে বাড়ি ছাড়ার আগে দরজা-জানালা সঠিকভাবে বন্ধ করা, সিসি ক্যামেরা সচল রাখা এবং বাড়ির আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা জরুরি। যেকোনো জরুরি প্রয়োজনে বা সন্দেহজনক কিছু দেখলে দ্বিধা না করে জাতীয় জরুরি সেবা '৯৯৯' নম্বরে অথবা নিকটস্থ পুলিশকে অবহিত করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। মূল্যবান সামগ্রী থানায় রাখার ক্ষেত্রে পুলিশের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি নাগরিকদের ঈদযাত্রা নিরাপদ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com