ঈদে আবারও বুলবুলি হয়ে আসছেন তটিনী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 13-03-2026

ঈদে আবারও বুলবুলি হয়ে আসছেন তটিনী

নাটকপ্রেমীদের কাছে 'বুলবুলি' চরিত্রটি বেশ পরিচিত। যে মেয়েটি সারাক্ষণ বুলবুলি পাখির মতো কিচিরমিচির করে কথা বলে নিজের এবং পরিবারের জন্য পদে পদে ঝামেলা ডেকে আনে। গত বছর 'বেশি বলে বুলবুলি' নাটকে এই অতিকথনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। শ্বশুরবাড়ির লোকজনকে অতিষ্ঠ করে তোলা সেই বুলবুলির গল্পের নতুন মোড় নিয়ে এবার ঈদে ফিরছেন তিনি।

আসন্ন ঈদ উৎসব উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে সিক্যুয়েল নাটক ‘বেশি বলে বুলবুলি ২’। আগের টিমের হাত ধরেই ফিরছে এই আয়োজন। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তটিনীর বিপরীতে তার স্বামীর চরিত্রে আবারও দেখা যাবে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। পুরো নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

নির্মাতা রুবেল হাসান এবারের গল্পের আভাস দিয়ে জানান, প্রথম পর্বে বুলবুলির বাচালতায় শুধু শ্বশুরবাড়ির লোকজন অতিষ্ঠ ছিল। কিন্তু এবার তার এই অতিকথনের পরিধি আরও বাড়বে। বুলবুলির কথা বলা এবার পাড়া-প্রতিবেশী ছাড়িয়ে স্বামীর অফিস পর্যন্ত পৌঁছে যাবে, যার ফলে তাদের সংসারে নেমে আসবে অনাকাঙ্ক্ষিত বিপদ। এবারের পর্বটি আগের চেয়েও বেশি হাস্যরসাত্মক ও উপভোগ্য হবে বলে আশা করছেন নির্মাতা।

প্রযোজক এস কে সাহেদ আলী জানিয়েছেন, এবারের ঈদে তাদের বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘বেশি বলে বুলবুলি ২’। ঈদ সপ্তাহের যেকোনো একদিন সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত করা হবে। তটিনী ও তৌসিফ জুটির এই নতুন রসায়ন দেখার অপেক্ষায় এখন মুখিয়ে আছেন দর্শকরা।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com