মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের উড়ন্ত সূচনার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ওপেনার মাজ সাদাকাতের বিধ্বংসী ফিফটিতে সফরকারীরা বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে পাকিস্তান। শুক্রবার (১৩ মার্চ) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানের দুই ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। বিশেষ করে সাদাকাত ছিলেন রীতিমতো রুদ্রমূর্তি ধারণ করে; মাত্র ৩১ বলে নিজের অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে দীর্ঘ সময় উইকেটশূন্য থাকার পর বাংলাদেশকে কাঙ্ক্ষিত ব্রেক-থ্রু এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলীয় ১০৩ রানে মিরাজের বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদাকাত। সাজঘরে ফেরার আগে ৪৬ বলে ৭৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন তিনি।
সাদাকাতের বিদায়ের পর দ্রুতই ছন্দপতন ঘটে পাকিস্তানের ব্যাটিং লাইনে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ৪৬ বলে ৩১ রান করে তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন। তার বিদায়ের পর পরই শামিল হুসাইন ব্যক্তিগত মাত্র ৬ রানে আউট হলে চাপে পড়ে সফরকারীরা। ইনিংসের শুরুর সেই আগ্রাসন থিতু হয়ে যায় বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত প্রত্যাবর্তনে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। বর্তমানে ক্রিজে রয়েছেন অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আগা। তারা দুজনে মিলে ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছেন। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া বাংলাদেশ এই ম্যাচেও দ্রুত উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রাখতে মরিয়া।