মুখোমুখি লড়াইয়ে অপু-বুবলি


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-03-2026

মুখোমুখি লড়াইয়ে অপু-বুবলি

ঢালিউডের দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী সাধারণত ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক আর পাল্টাপাল্টি মন্তব্যের কারণেই সংবাদের শিরোনামে থাকেন। তবে এবার দীর্ঘদিনের সেই কাদা ছোড়াছুড়ির অধ্যায় পেছনে ফেলে রূপালি পর্দার লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন এই দুই চিত্রনায়িকা। আসন্ন ঈদে বক্স অফিসে শ্রেষ্ঠত্ব প্রমাণের যুদ্ধে নামছেন শাকিব খানের দুই সাবেক ঘরণী।

আসন্ন ঈদের সিনেমা মুক্তির তালিকায় বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন শবনম বুবলী। তার অভিনীত 'প্রেশার কুকার' ও 'পিনিক'—এই দুটি সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নির্মাতা রায়হান রাফীর 'প্রেশার কুকার' সিনেমার টিজারে বুবলীর উপস্থিতি এবং রহস্যময়ী চার নারীর গল্প দর্শকদের নজর কেড়েছে। অন্যদিকে, গত ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়া 'পিনিক' সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করে বুবলী এই ঈদে ফেরার জোরালো আভাস দিয়েছেন।

অন্যদিকে, বেশ কিছুকাল পর্দার আড়ালে থাকার পর অপু বিশ্বাস ফিরছেন 'দুর্বার' সিনেমা নিয়ে। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই থ্রিলারধর্মী সিনেমাটি নিয়ে অপু বেশ আশাবাদী। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি জানান, নাম যেমন 'দুর্বার', সিনেমাটিতে তাকে ঠিক তেমনই দুর্বার গতিতে এবং ভিন্ন এক গেটআপে দেখা যাবে। যদিও সিনেমার মুক্তি ও প্রচারণার বিষয়টি পুরোপুরি প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, তবুও ঈদের দৌড়ে অপুর এই সিনেমাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে সংলাপ বা মন্তব্য ছুড়ে দিলেও এবার লড়াইটা হবে হলে। ভক্ত-অনুরাগীরাও মুখিয়ে আছেন বাস্তব জীবনের এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অভিনয়ের ময়দানে শেষ হাসি কে হাসেন তা দেখার জন্য। ঈদের ময়দানে বুবলীর দুটি সিনেমার দাপট নাকি অপুর 'দুর্বার' চমক—শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হয়, সেটিই এখন দেখার বিষয়।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com