ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড 'খাতাম আল-আনবিয়া’র একজন মুখপাত্র এক বিবৃতিতে আঞ্চলিক বেসামরিক জনগণকে সতর্ক করেছেন। তিনি বলেন, "গত রাতে আমেরিকান ও জায়নবাদী সন্ত্রাসী বাহিনী সামরিকভাবে ব্যর্থ হয়ে আমাদের একটি ব্যাংকে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে আমরা তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানব। অঞ্চলের সাধারণ মানুষকে মার্কিন ও ইসরায়েলি ব্যাংক বা অর্থনৈতিক কেন্দ্রগুলোর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থান না করার জন্য জোর পরামর্শ দেওয়া হচ্ছে।"
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী তেহরানে দেশটির অন্যতম বৃহত্তম সরকারি ব্যাংক ‘ব্যাংক সেপাহ’-এর একটি প্রশাসনিক ভবনে বিমান হামলায় বেশ কয়েকজন কর্মী নিহত ও গুরুতর আহত হয়েছেন।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, "হুমকি নির্মূল না হওয়া বা শত্রুর পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না।" তারা গত ২৭ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের দিকে সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও হুঁশিয়ারি দিয়েছে।
বুধবার দিনভর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের সমর্থিত গোষ্ঠীগুলোর হামলা ও তা প্রতিহতের ঘটনা ঘটেছে:
দুবাই: দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যাতে চারজন আহত হয়েছেন।
সমুদ্রপথ: যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, দুবাইয়ের উত্তর-পশ্চিমে একটি মালবাহী জাহাজ অজ্ঞাত লক্ষ্যবস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের কর্মীরা সুরক্ষিত আছেন।
কুয়েত ও সৌদি আরব: কুয়েতে ৮টি এবং সৌদি আরবের কৌশলগত শায়বাহ তেলক্ষেত্রের দিকে ধাবমান দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
কাতার: কাতারেও একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে ঠেকিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
ইরাক: বাগদাদ বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, গত রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার হুড়োহুড়িতে অন্তত ২৯ জন ইসরায়েলি আহত হয়েছেন।
অন্যদিকে, আল-জাজিরা জানিয়েছে, ইরানের ইস্পাহানে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ, যাকে সেখানকার গভর্নর ‘রক্তাক্ত রাত’ হিসেবে বর্ণনা করেছেন।
লেবাননেও পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ লেবাননে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৫৭০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৮৬ জন শিশু রয়েছে।