মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশে বেড়েছে ডলারের দাম


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-03-2026

মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশে বেড়েছে ডলারের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) প্রবাসী আয় বা রেমিট্যান্স কিনতে ব্যাংকগুলোকে প্রতি ডলারে ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। এর ফলে আমদানির ক্ষেত্রে ডলারের দাম বেড়ে ১২৩ টাকায় ঠেকেছে, যা মাত্র এক সপ্তাহ আগেও ছিল ১২২ টাকা ৫০ পয়সা। আমদানিকারকরা বলছেন, হঠাৎ করে ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে যাচ্ছে, যার প্রভাব সরাসরি সাধারণ ভোক্তাদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুদ্ধের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার সুযোগ নিয়ে বিদেশি রেমিট্যান্স হাউসগুলো ডলারের দাম বাড়িয়ে দিয়েছে। আগে যে ডলার ১২২ টাকায় কেনা যেত, এখন তা ১২৩ টাকার কাছাকাছি পৌঁছেছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেও ডলারের গড় দাম ১২২ টাকা ৩৩ পয়সা থেকে বেড়ে ১২২ টাকা ৫৮ পয়সা হতে দেখা গেছে।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের দাম ১২৩ টাকার ওপরে না তোলার বার্তা দেওয়া হলেও বাজারের বাস্তবতায় দাম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। আমদানির চাপ বাড়লে এবং সরবরাহ কমে গেলে রিজার্ভ থেকে ডলার সহায়তা দেওয়ার প্রয়োজন হতে পারে। এ অবস্থায় বাজারভিত্তিক দাম নির্ধারণের মাধ্যমে ডলারের সরবরাহ বাড়ানোর ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com