জ্বালানি তেলের সংকট নেই তাই দামও এখন বাড়ছে না: জ্বালানি প্রতিমন্ত্রী


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-03-2026

জ্বালানি তেলের সংকট নেই তাই দামও এখন বাড়ছে না: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং আপাতত তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্চ মাসে তেলের সরবরাহে কোনো সমস্যা হয়নি এবং জনগণের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে তা দ্রুতই কেটে যাবে। সরকার ইতিমধ্যে এপ্রিল ও মে মাসের চাহিদা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে এবং বিকল্প উৎস হিসেবে আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির বিষয়ে কাজ করছে।

প্রতিমন্ত্রী জানান, সরবরাহ বাড়াতে ভারতকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। বর্তমানে ভারতের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ১৫ হাজার টন তেল আসে, প্রয়োজনে সেই পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে। পেট্রোল ও অকটেন পুরোপুরি আমদানিনির্ভর না হওয়া সত্ত্বেও কিছু পাম্পে অযৌক্তিকভাবে ভিড় তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অসাধু চক্রের তৎপরতা বন্ধে নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে জনদুর্ভোগ এড়াতে প্রয়োজনে সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সাধারণ মানুষের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। রাইড শেয়ারিং চালকদের জন্য আজ থেকে প্রতিদিন ৫ লিটার করে তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের তেলের সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়েছে এবং অন্যান্য যানবাহনের রেশনিং পদ্ধতি পুনর্বিবেচনা করা হচ্ছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশে অবস্থিত কূটনীতিক মিশনের যানবাহনের ওপর থাকা জ্বালানি তেলের সীমাবদ্ধতাও তুলে নেওয়া হচ্ছে। বর্তমানে দৈনিক ৯০২২ টন ডিজেল, ১০৭০ টন পেট্রোল এবং ৯১৩ টন অকটেন সরবরাহ করা হচ্ছে, যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com