রাজধানীতে মানবদেহের বিপুল হাড় ও ৪৭টি খুলি উদ্ধারসহ গ্রেপ্তার ৪


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 10-03-2026

রাজধানীতে মানবদেহের বিপুল হাড় ও ৪৭টি খুলি উদ্ধারসহ গ্রেপ্তার ৪

রাজধানীর তেজগাঁও ও উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)। পুলিশ জানিয়েছে, গত রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়। ধৃতদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং আসাদুল মুন্সীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

অভিযানের বিবরণ দিয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে তেজগাঁওয়ের মণিপুরীপাড়া এলাকা থেকে প্রথমে জহরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে সোমবার সকালে তেজগাঁও কলেজের সামনে থেকে আটক করা হয় আবুল কালাম ও আসাদুলকে। সবশেষে সোমবার বিকেলে উত্তরার একটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের হোস্টেলে অভিযান চালিয়ে ফয়সাল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। সেখানেই একটি কক্ষ থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় ৪৪টি মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তাঁরা গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের কবরস্থান থেকে অত্যন্ত গোপনে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করতেন। পরবর্তীকালে এসব কঙ্কাল বিভিন্ন অসাধু মহলের কাছে উচ্চমূল্যে বিক্রি করা হতো। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com