‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা


সোহেল জুলফিকার , আপডেট করা হয়েছে : 08-03-2026

‘বড় শয়তান’ যাকে অগ্রহণযোগ্য বলেছে, তিনিই হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গেছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব নির্ধারণকারী সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন সংস্থাটির অন্যতম সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি।

রোববার ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে পরিষদের সদস্যদের মধ্যে একটি বড় ধরনের সমঝোতা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণার আগে এখনো কিছু কারিগরি “প্রতিবন্ধকতা” রয়ে গেছে, যেগুলোর সমাধান নিয়ে কাজ চলছে।

এর আগে শনিবার পরিষদের এক জ্যেষ্ঠ আলেম ইঙ্গিত দিয়েছিলেন যে, নতুন নেতা চূড়ান্ত করার লক্ষ্যে সদস্যরা দ্রুতই—সম্ভবত এক দিনের মধ্যেই—একটি বিশেষ বৈঠকে বসতে পারেন।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সদস্যদের মধ্যে বর্তমানে একটি প্রক্রিয়াগত বিষয়ে সামান্য মতভেদ রয়েছে। বিষয়টি হলো—চূড়ান্ত সিদ্ধান্ত কি সদস্যদের সশরীরে উপস্থিতিতে ভোটের মাধ্যমে নেওয়া হবে, নাকি আনুষ্ঠানিক সভা ছাড়াই তা ঘোষণা করা সম্ভব।

এদিকে নূর নিউজে প্রকাশিত এক ভিডিও বার্তায় পরিষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, বর্তমান পরিস্থিতিতে সব সদস্যের সশরীরে উপস্থিত হয়ে ভোট দেওয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও প্রকাশ করেন যে, প্রয়াত সর্বোচ্চ নেতার দিয়ে যাওয়া একটি বিশেষ পরামর্শ অনুসরণ করেই ইতোমধ্যে একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী, ইরানের পরবর্তী শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত যাকে “শত্রুরা ঘৃণা করবে”, কখনোই প্রশংসা করবে না।

বাছাইকৃত সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে ইঙ্গিত দিয়ে আলেকাসির আরও বলেন, ‘এমনকি ‘‘বড় শয়তান’’ (যুক্তরাষ্ট্র) তার নাম নির্দিষ্ট করে উল্লেখ করেছে।’

উল্লেখ্য যে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে একটি “অগ্রহণযোগ্য” বিকল্প। আলেকাসিরের মন্তব্য মূলত মোজতাবা খামেনির দিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স


অফিস: নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা-১০০০

ইমেইল : info@trendnewsbd.com